শৃঙ্খলাবোর্ডের সুপারিশের টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগের ১৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার অনুষ্ঠিত ১৪৭তম (জরুরি) রিজেন্ট বোর্ড সভায় অনুমোদনের ভিত্তিতে তাদের সাময়িক বহিষ্কার ও চলতি সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণসহ সব অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও হলে অবস্থান নিষিদ্ধ করা হয়। 

দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

অফিস আদেশে জানানো হয়, গত ১৪ আগস্ট তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ২৪৬তম (জরুরি) সভার সিদ্ধান্ত ১(৪) মোতাবেক এই বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ছাত্র সংগঠকদের প্রতিহিংসামূলক কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ১৭ আগস্ট তারিখে দাখিলকৃত অভিযোগপত্রের প্রেক্ষিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি কর্তৃক অভিযোগকারী এবং অভিযুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণপূর্বক প্রাণীত প্রতিবেদন শৃঙ্খলা বোর্ড ২ সেপ্টেম্বর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বিভিন্ন বিভাগের উনিশ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করে।

বহিষ্কৃতরা হলেন, মানিক শীল (ইএসআরএম বিভাগ), মো. হুমায়ুন কবির (অর্থনীতি), শাওন ঘোষ (অর্থনীতি), সুজন মিয়া (অর্থনীতি), মো. নাঈম রেজা (অর্থনীতি), খালেকুজ্জামান নোমান (অর্থনীতি), মো. সাদিক ইকবাল (পদার্থবিজ্ঞান), রায়হান আহমেদ শান্ত (পদার্থবিজ্ঞান), মো. আনোয়ার হোসেন অন্তর (পদার্থবিজ্ঞান), মো. আবিদ হাসান মারুফ (গণিত), সাখাওয়াত আহমেদ শুভ্র (গণিত), মো. আব্দুল্লাহ সরকার উৎস (গণিত), নাহিদ হাসান (ব্যবস্থাপনা), জাহিদ হাসান (হিসাব বিজ্ঞান), মো. রিফাত হোসেন (হিসাববিজ্ঞান), ইমতিয়াজ আহমেদ রাজু (সিপিএস), ইমরানুল ইসলাম (সিপিএস), রানা বাপ্পি (রসায়ন), মো. যোবায়ের দৌলা রিয়ন (রসায়ন)।

মন্তব্যসমূহ